রাজনীতি
ছবি: সংগৃহীত

বিরোধী দলের এমপিদের কআরও পরিপক্ব রাজনীতি শেখার আহ্বান সেতুমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের রাজনৈতিক দক্ষতা ও সংসদীয় আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে কোনো রাজনৈতিক লাভ হবে না।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিরোধী দলের অনেক সদস্য সংসদীয় বিধি ও প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট সচেতন নন। কোন বিষয়ে কীভাবে বক্তব্য রাখতে হয় বা কোন ইস্যুতে কীভাবে ভূমিকা রাখতে হয়—এ বিষয়ে তাদের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি ও দায়িত্ব সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।

বিরোধী শিবিরের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি রাজনৈতিক শক্তির হতাশা থাকতেই পারে, তবে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক নির্বাচনে জনগণ একটি নির্দিষ্ট পক্ষকে স্পষ্টভাবে সমর্থন দিয়েছে বলেও তিনি দাবি করেন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়েই বর্তমান সংসদ গঠিত হয়েছে। তিনি দাবি করেন, তার রাজনৈতিক জীবনে মামলা, জেল এবং নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

সবশেষে বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, জনসমর্থনহীন রাজনীতি থেকে সরে এসে গঠনমূলক ধারায় আসতে হবে, না হলে রাজনৈতিক ইতিহাসে তারা প্রান্তিক অবস্থানে চলে যাবে।

মতামত দিন