রাজনীতি
ছবি: সংগৃহীত

ঈদে ১০ লাখ টাকার খরচের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, প্রশংসায় হাসনাত আবদুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরকে সামনে রেখে বিতরণ করা সরকারি অনুদান ও ব্যক্তিগত সহায়তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই ব্যয়ের হিসাব ও উপকারভোগীদের তালিকা তুলে ধরেন।

তার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেবিদ্বার উপজেলার অসচ্ছল মানুষের জন্য বরাদ্দ ১০ লাখ টাকা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিতরণ করা হয়েছে। এই অর্থ থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন মানুষের প্রত্যেককে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি সহায়তার বাইরে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে আরও ৫০০ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পরিবার এই সহায়তার আওতায় এসেছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, তালিকা তৈরির সময় কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। প্রতিটি ওয়ার্ডে প্রকৃত দরিদ্রদের খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সীমিত বরাদ্দের কারণে অনেককেই অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

স্বচ্ছতা বজায় রাখতে উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হলেও নিরাপত্তার কারণে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রয়োজনে তদন্তের জন্য পূর্ণ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন এই সংসদ সদস্য।

মতামত দিন