ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ডা. শফিকুর রহমান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দঘন সময়ে জাতি এমন এক বাস্তবতায় দাঁড়িয়েছে, যেখানে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও দমনমূলক শাসনের অবসান ঘটেছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যতে কেউ যেন আবার ফ্যাসিবাদী পথে না হাঁটে।
ডা. শফিকুর রহমানের মতে, এখন মানুষের চলাফেরা ও মতপ্রকাশ তুলনামূলকভাবে স্বাধীনভাবে সম্ভব হবে এবং সমাজে বৈষম্য কমে আসবে। নাগরিকরা নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করা জরুরি, যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে।
ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি জানান, এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার বন্ধন গড়ে তোলে এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে।
সবশেষে তিনি আহ্বান জানান, সবাই যেন ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে কাজ করে এবং সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়।

মতামত দিন