ইমোশন বা আবেগ দিয়ে রাষ্ট্র চলে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে সংবিধান ও আইনি নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন। রোববার (১৫ মার্চ) তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতাদের বক্তব্যে যে ‘আরোপিত আদেশ’ নিয়ে আলোচনা করা হচ্ছে, তা সংবিধানের ৯৩ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্র পরিচালনা সংবিধান ও আইনের মাধ্যমে হয়, ইমোশন বা আবেগ দিয়ে নয়। জনমতকে অবশ্যই সম্মান জানাতে হবে, তবে তা হতে হবে সাংবিধানিক পদ্ধতিতে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, রাষ্ট্রপতির ভাষণ ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রদান করা হয়েছে। বিরোধীরা তা শুনতে আগ্রহী হয়নি এবং অধিবেশন থেকে চলে গেছেন। তিনি বলেন, যদি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দীর্ঘ আলোচনার প্রস্তাব থাকে, তবে সময়ের ভাগ সংখ্যানুপাতে বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, চলমান অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় এখনই সংবিধান সংশোধনী বিল আনা সম্ভব নয়। তবে বাজেট অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির সুপারিশ অনুযায়ী কমিটি গঠন করে বিল উত্থাপন করা যেতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা এটির প্রতিটি শব্দের প্রতি দায়বদ্ধ, কিন্তু সংবিধান সংশোধন কোনো অবৈধ আদেশের মাধ্যমে করা সম্ভব নয়। এজন্য কার্য উপদেষ্টা কমিটির মাধ্যমে আলোচনার মাধ্যমে বিল উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
মতামত দিন