হাসপাতালে ভর্তি মির্জা আব্বাসকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাকে দেখতে আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ এই রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালে যাবেন।
মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করে তিনি জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
এদিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেন।
মতামত দিন