রাজনীতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের কঠোর হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে বিচারের মুখোমুখি না করা হলে তারা সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক দেবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানানো হয়। সেখানে দাবি করা হয়, আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযোগ থাকা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।

এর আগে একই দিন সকালে সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর অধিবেশন আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়।

বিরতির পর নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১টার দিকে আবার অধিবেশন শুরু হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে স্পিকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।

এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ ও ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’—এমন নানা স্লোগান লেখা ছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের এমপিরা একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। এতে অধিবেশনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

মতামত দিন