নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত নেতাকে জরিমানা।
নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলায় জামায়াতের এক নেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই নেতার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল চারটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জামায়াত নেতা আব্দুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জামায়াতের এক প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করে এলাকায় প্রচারণা চালানো হয়। পাশাপাশি ওই কার্যক্রমের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।
জানা গেছে, আব্দুল হাই সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হয়।

মতামত দিন