ইসির অনুরোধে স্থগিত হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর।
নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে সফরের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই বর্তমানে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এর আগে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠকে দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং এ জেড এম জাহিদ হোসেন।
মতামত দিন