কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে বিএনপি প্রার্থীর আবেদন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগমুহূর্তে নতুন করে আইনি ও প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে দেওয়া ওই আবেদনে কী কী কারণে মনোনয়ন বাতিল চাওয়া হয়েছে, সে বিষয়ে কমিশন বা আবেদনকারীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর মধ্যেই নিজ মনোনয়ন ঘিরে আদালতের আদেশে পড়েছেন আবেদনকারী মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে তার নাম বাদ দেওয়ার পক্ষে হাইকোর্টের যে আদেশ ছিল, তা বৃহস্পতিবার চেম্বার আদালত স্থগিত করেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের দেওয়া এই আদেশের ফলে নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন শুক্রবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এসব আপিলের শুনানি শুরু হবে ১০ জানুয়ারি, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
মতামত দিন