রাজনীতি
ছবি: সংগৃহীত

সরাইল–আশুগঞ্জে বক্তব্যে বিতর্ক, প্রতিদ্বন্দ্বীকে ‘রোহিঙ্গা’ ইঙ্গিত ব্যারিস্টার রুমিনের।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেন, যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সদর আসনের এমপি সরাইল–আশুগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার করতেন। এখন জোটের পক্ষ থেকে আনা একজন প্রার্থী সদর আসনের আরেক প্রার্থীর সঙ্গে নিয়ে এলাকায় ঘুরছেন। তবে সরাইল–আশুগঞ্জের মানুষ বাইরের কাউকে নয়, নিজেদের এলাকার সন্তানকেই নির্বাচিত করবে।

যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তার বক্তব্যের ইঙ্গিত যে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীকে ঘিরেই—তা স্থানীয় রাজনৈতিক মহলে স্পষ্ট বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তার হলফনামা অনুযায়ী, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় এবং বর্তমান ঠিকানা ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম।

এর আগে জুনায়েদ আল হাবিবকে একাধিক রাজনৈতিক আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে দেখা গেছে।

মতামত দিন