সারাদেশে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।
রাজধানীতে সংঘটিত একটি গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হওয়ার পর সংগঠনটি দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে ঢাকাসহ সারাদেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (১০ জানুয়ারি) জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা শুরুর আগে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। মামলায় এখন পর্যন্ত তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাব হোটেলের পাশের একটি গলিতে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।
ঘটনার পর পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
মতামত দিন