রাজধানীতে স্বেচ্ছাসেবক নেতা হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব নেই: সালাহউদ্দিন আহমদ।
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এই সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।
সালাহউদ্দিন আহমদ জানান, সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দল নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়বিচারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানাতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর করা হচ্ছে। এছাড়া বিএনপি নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে সতর্ক রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দলের মধ্যে অনেক যোগ্য প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাননি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন