রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ খান।

নিজেস্ব প্রতিবেদক:

বিগত গণঅভ্যুত্থান পরিকল্পিত ও সমন্বিতভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, পুরো আন্দোলনের নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ জানুয়ারি) গুলশানে তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানকালীন সময়জুড়ে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন এবং দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই তাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

দলীয় ঐক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি থেকে এই আসনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সবাই দলের প্রতি নিবেদিত। তারেক রহমানের নির্দেশে তারা ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলেই তিনি বিশ্বাস করেন।

স্বতন্ত্র প্রার্থীদের প্রতিও আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, যারা এই আসনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা তার।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।

মতামত দিন