প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, ‘পাতানো নির্বাচন’ নিয়ে আশঙ্কা জামায়াতের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আচরণে পক্ষপাতের ইঙ্গিত মিলছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে অতীতের মতো আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট দলের প্রতি অতিরিক্ত অনুগত আচরণ করছে, যা নির্বাচনের পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচন দেশকে নতুন করে সংকটের দিকে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া জরুরি। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে দলটি।
ডা. তাহের আরও বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্দিষ্ট কিছু আসন ছাড় দেওয়ার যে আলোচনা চলছে, সেটিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। তার ভাষ্য, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসনভিত্তিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে।
মতামত দিন