রাজনীতি
ছবি: সংগৃহীত

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান, বিএনপিতে উৎসবের আমেজ।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি জেলায় পৌঁছাবেন।

তার আগমনকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি তুঙ্গে।

জেলা বিএনপি জানিয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের স্মরণে শ্রদ্ধা জানানো এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতেই এই সফর।

কর্মসূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে এসে শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে অবস্থান করবেন তারেক রহমান। বাই রোডে আসার কারণে পৌঁছানোর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। চার শহীদের কবর আলাদা স্থানে থাকায় সময়ের সীমাবদ্ধতার কারণে আল মামুনের কবরে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এরপর সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। সেখানে প্রায় এক ঘণ্টা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে একই দিন পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বাই রোডে আসায় নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে তিনি রাতে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। এই সফর জেলার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ২০০৩ সালে শীতকালে কম্বল বিতরণ কর্মসূচিতে সর্বশেষ ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর আবার আসায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফর ঘিরে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।

পয়গাম আলী আরও বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে বড় সমাবেশ না হলেও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি সফল করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এই সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মতে, এ সফর তৃণমূল বিএনপিকে নতুন করে চাঙা করবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

মতামত দিন