হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে পথযাত্রা শুরু হয়।
পথযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী ঘুরে সন্ধ্যায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতেই এই আন্দোলন।
তিনি অভিযোগ করেন, ‘ফয়সাল করিম মাসুদ একা এই হত্যাকাণ্ড ঘটায়নি। সে কেবল একটি অংশ। প্রকৃত পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের বাদ দিয়ে যদি চার্জশিট দেওয়া হয়, আমরা তা মেনে নেব না।’
খুনিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ সরকারকে জাতিসংঘসহ আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
চার দফা দাবি
১. খুনি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রের ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল
৩. খুনিদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা
৪. রাষ্ট্রীয় গোয়েন্দা কাঠামোর ভেতরে থাকা ফ্যাসিবাদের সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার
মতামত দিন