ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধের আহ্বান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভোটের দিন কেন্দ্র ফাঁকা রাখা যাবে না; প্রয়োজনে ভোটকেন্দ্র রক্ষায় দাঁড়াতে হবে সাধারণ মানুষকেই।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন মানেই শুধু ভোট দেওয়া নয়, ভোটের নিরাপত্তা নিশ্চিত করাও ভোটারদের দায়িত্ব। কেউ যদি কেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করতে হবে।
তিনি ভোট কেনাবেচার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে বলেন, অর্থের বিনিময়ে ভোট দেওয়া মানে নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া। কোনো প্রার্থী টাকা নিয়ে এলে তাকে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, “যে নেতা একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘোরে, তাকে পাঁচ বছর জনগণের পেছনে ঘুরতে হয়।”
বক্তব্যে তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ। তার ভাষায়, “এবার দুটি ব্যালট—একটি ভোটের, আরেকটি গণভোটের।”
দুর্নীতি ও মামলাবাজির রাজনীতির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এই চেতনাতেই ভোট দিতে হবে।

মতামত দিন