রাজনীতি
ছবি: সংগৃহীত

চিহ্নিত সন্ত্রাসীরা মুক্ত অবস্থায় থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় : আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনের মাঠে চিহ্নিত সন্ত্রাসীরা মুক্ত অবস্থায় থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়—এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে ভোটের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ও সরকার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, বিদ্যমান বাস্তবতায় নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। জনরায় প্রতিষ্ঠিত হওয়ার আগেই সরকারি কর্মকর্তাদের কোনো দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক বার্তা বহন করে। অতীতের মতো কোনো রাজনৈতিক বোঝাপড়ার পথে এগোলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়েও অসন্তোষ প্রকাশ করে এনসিপির মুখপাত্র বলেন, এ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা বড় দলের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন—এমন অভিযোগও করেন তিনি।

মতামত দিন