খাগড়াছড়িতে ১৯ এনসিপি নেতাসহ তিন শতাধিক কর্মী বিএনপিতে যোগদান।
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদধারী ১৯ নেতা এবং জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
যোগদানকারীরা জানান, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠন মনজিলা ঝুমার নেতৃত্বে দলটি সাংগঠনিক নিয়ম-নীতি লঙ্ঘন করছে এবং যেটি মূলত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আদর্শে গঠিত হয়েছিল, সেই পথ থেকে সরে গেছে। তারা অভিযোগ করেন, এনসিপি এখন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
নেতাদের মধ্যে ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিন।
যোগদান অনুষ্ঠানে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, “বিএনপি পার্বত্য অঞ্চলে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমাদের দল কোনো পারিবারিক বা ব্যক্তিগত সংগঠন নয়; এটি সব সম্প্রদায়ের এবং সকল ধর্মের মানুষের সংগঠন। নতুন সদস্যরা আমাদের আন্দোলনে শক্তি যোগ করবে।”
তিনি নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে, একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করার আহ্বান জানান।

মতামত দিন