ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, নির্বাচন খরচে নেবেন ঋণ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবার ভোটারদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে সাম্প্রতিক বহিষ্কৃত এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার কাছে নগদ ও ব্যাংকে মোট প্রায় ৩২ লাখ টাকা রয়েছে। এর মধ্যে ২০ লাখ টাকা তিনি নিজের নির্বাচনী ব্যয় হিসেবে খরচ করার পরিকল্পনা করেছেন। নির্বাচনী খরচের জন্য তিনি প্রবাসী গালিব মেহেদীর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার নেবেন।
বিস্তারিত তথ্য অনুযায়ী, রুমিন ফারহানা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তার বার্ষিক আয় ২০২৫ সালে প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ওই বছরের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক। তাঁর কাছে ১০ ভরি স্বর্ণও রয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৯ ও ২০২৫ সালের হলফনামা তুলনা করলে দেখা যায়, এই সময়ে রুমিন ফারহানার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় বার্ষিক আয় ছিল মাত্র চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসছেন না। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হচ্ছেন জুনায়েদ আল হাবিব।

মতামত দিন