রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, এখান থেকেই শুরু হচ্ছে তার জেলা সফর

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম সফর।

বগুড়ায় অবস্থান শেষে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করবেন।

বগুড়া জেলা বিএনপির একাধিক নেতা রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতে অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত গণদোয়ায় অংশ নেবেন। এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়।

গণদোয়া শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, দীর্ঘ ১৯ বছর ১৮ দিনের অপেক্ষার পর বগুড়াবাসী তাদের প্রিয় নেতাকে কাছে পাচ্ছেন। তার ভাষায়, এটি শুধু একটি সফর নয়, বরং নেতাকর্মীদের জন্য আবেগঘন একটি মুহূর্ত।

এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জের মহাস্থানে তারেক রহমানকে স্বাগত জানানো হবে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর দলীয় কর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তাকে এগিয়ে দেবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি। ফলে তা বৈধ ঘোষণা করা হয়েছে।

মতামত দিন