তাসনিম জারাকে পাঠানো অনুদান ফেরত চাইছেন সমর্থকেরা।
শনিবার রাতের ভিডিও বার্তায় তাসনিম জারা জানান, আপিল করার মতো শক্ত যুক্তি রয়েছে এবং এই প্রক্রিয়ায় বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি সমর্থকদের নিশ্চয়তা দিয়েছেন যে, যারা নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে। ইতোমধ্যে কয়েকশো সমর্থকের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে এবং বাকিদের জন্য ফর্মের লিংক ভিডিওর সঙ্গে শেয়ার করা হয়েছে।
তিনি বলেন, “মনোনয়নপত্র বাতিল হওয়ার পরও আমরা লড়াই চালাব। সমর্থকদের আশা রাখার এবং নিরাশ না হওয়ার আহ্বান জানাই।”
তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেন, যখন তার দল আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। পদত্যাগের পরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়েছে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ হয়েছে।
এবারের আপিল প্রক্রিয়ার মাধ্যমে তাসনিম জারা তার প্রার্থিতা ফিরিয়ে আনতে চান এবং তার লক্ষ্য নির্বাচনে সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা।

মতামত দিন