হাদি হত্যার বিচার দাবিতে ৬ জানুয়ারি পর্যন্ত ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আজ থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামে এই আন্দোলনের সূচনা হয়েছে রাজধানী ঢাকায়।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। সেখানেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহল, রাজনৈতিক দল এবং দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। হাদি হত্যার বিচার আদায়ে জনসমর্থন ও সহযোগিতা চাওয়া হবে।
একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরদিন রাতে মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মতামত দিন