রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন অযোগ্য ঘোষণা করেন।

সিদ্ধান্তের পরপরই প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯ এলাকার ভোটার—এমন ধারণা থেকেই স্বাক্ষর দেন। তবে প্রকৃতপক্ষে তিনি যে ওই আসনের ভোটার নন, তা জানার মতো কোনো সুযোগ তার ছিল না।

অন্য স্বাক্ষরকারীর ক্ষেত্রে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রের কপিতে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে দেখানো হলেও নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানান তাসনিম জারা। তিনি দাবি করেন, দু’জনই বিশ্বাস করতেন তারা এই আসনের ভোটার এবং সেই বিশ্বাস থেকেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাসনিম জারার অভিযোগ, ভোটাররা কোন সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত—তা যাচাই করার জন্য কমিশনের পক্ষ থেকে কার্যকর ও সহজলভ্য কোনো ব্যবস্থা রাখা হয়নি।

এর আগে, গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটেই তিনি এই পথ বেছে নেন বলে তখন উল্লেখ করেন।

মতামত দিন