খালেদা জিয়ার প্রয়াণের পর তার ৩টি নির্বাচনী আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের পর তার তিনটি নির্বাচনী আসনে দলের প্রার্থী নির্ধারণের বিষয়টি স্পষ্ট করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব আসনে যে প্রার্থীরা বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গুলশানের বিএনপি রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খালেদা জিয়ার মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে তার বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকলে তারা দলের প্রার্থী হবেন। আইন অনুযায়ী এই প্রক্রিয়া স্বাভাবিক। নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো বিধান নেই।”
সালাহউদ্দিন আহমদ আরও জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোকের মধ্যে হলেও রাজনীতির দায়িত্বে দৃঢ় মনোবল বজায় রাখবেন। তিনি বলেন, “জাতির স্বার্থে আমাদের নেতাকে এই মুহূর্তে শক্তিশালী থাকতে হবে।”
বুধবার পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল। তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী মনোনীত হয়েছিলেন—ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। এখন এই তিনিই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

মতামত দিন