রাজনীতি
ছবি: সংগৃহীত

জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এলাকায় জড়ো হন। তবে উদ্যানের ভেতরে সংস্কারকাজ চলায় প্রবেশ বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। সমাধিস্থলে ঢুকতে না পেরে কেউ কেউ সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া করেন।

সংশ্লিষ্টরা জানান, সংস্কার কার্যক্রমের কারণে সাময়িকভাবে ভেতরে প্রবেশ সীমিত ছিল। কাজের অগ্রগতি বিবেচনায় আজ তা উন্মুক্ত করা হয়েছে। পুরো উদ্যান এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মানিক মিয়া আভেনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল পৌনে ৫টায় তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দিলে কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিলতা গুরুতর আকার ধারণ করে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মতামত দিন