রাজনীতি
ছবি: সংগৃহীত

মা'কে স্মরণ করে আবেগঘন বার্তা তারেক রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ আবেগঘন স্ট্যাটাসে তিনি এসব কথা তুলে ধরেন।

বার্তায় তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, তার মা জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই দুঃসময়ে দেশবাসীর অভাবনীয় উপস্থিতি ও সহমর্মিতা তাকে একা অনুভব করতে দেয়নি।

তিনি লেখেন, নেতাকর্মী, শুভানুধ্যায়ী, পরিবার ও সাধারণ মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায় তিনি গভীরভাবে আপ্লুত। লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি ও সম্মান জানানো তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে—খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না, বহু মানুষের কাছে তিনি ছিলেন জাতির অভিভাবকের মতো।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিতি এবং শ্রদ্ধা জ্ঞাপন তাকে গভীরভাবে কৃতজ্ঞ করেছে। পাশাপাশি যেসব দেশ সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

শোকের এই সময়ে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তার ভাষায়, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হয়েছে—ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে পুরো দেশই যেন তার পরিবারে পরিণত হয়েছে।

বার্তার শেষাংশে তারেক রহমান বলেন, মা আজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই দায়িত্ব ও আদর্শ বহন করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, মায়ের রেখে যাওয়া পথচলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তিনি, তাদের জন্য—যাদের ভালোবাসা ও বিশ্বাস শেষ মুহূর্ত পর্যন্ত তাকে শক্তি জুগিয়েছে।

তিনি দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের রূহের মাগফিরাত দান করেন এবং তার রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও উদারতা থেকে দেশবাসী যেন ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।


মতামত দিন