রাজনীতি
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তার হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদ ৪ কোটি ৬ লাখ টাকারও বেশি।

তবে প্রাইভেট গাড়ি এবং ৩০ ভরি স্বর্ণের মূল্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে অতীতে মোট ৫০টি মামলা হয়েছে, যেগুলোর অধিকাংশ আদালতের আদেশ বা কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে কোনো মামলা তার নির্বাচনে অংশগ্রহণে বাধা হিসেবে গণ্য হবে না।

ফখরুলের নামে পাঁচ একর কৃষি জমি আছে। এছাড়া স্ত্রীর নামে ২.১৪ একর জমি এবং ৭০ শতাংশ অধিকারভুক্ত জমি রয়েছে। পৈতৃক সূত্রে দোতলা বাড়ির একটি অংশ এবং ঢাকার পূর্বাচলে পাঁচ কাঠা জমি তার নিজের নামে।

ভবন ও ফ্ল্যাটের মধ্যে ঢাকায় ১৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার। এছাড়া চার শতাংশ জমিও তার নাম আছে।

দেশের বিভিন্ন ব্যাংকে তার এবং স্ত্রীর নামে থাকা অর্থের পরিমাণ মিলিয়ে ১১ লাখ ৮৩ হাজার টাকার বেশি। হাতে নগদ রয়েছে ১ কোটি ২৫ লাখের কাছাকাছি, আর স্ত্রীর হাতে নগদ আছে ১ লাখ ৬৫ হাজার টাকার মতো।

ফখরুল ‘দি মির্জাস প্রাইভেট লিমিটেড’-এর ১,৪২৮টি শেয়ার মালিক। স্ত্রীর নামে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রে ৪৫ লাখ টাকার মতো আছে।

অস্থাবর সম্পদের মধ্যে দুইটি ব্যক্তিগত গাড়ি, স্বর্ণ, টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী এবং ২ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র অন্তর্ভুক্ত।

বার্ষিক আয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিখাত থেকে ১ লাখ ৮০ হাজার, ব্যবসা থেকে ১ লাখ ৯৭ হাজার, পরামর্শক হিসেবে ৬ লাখ, কোম্পানিতে সম্মানি ভাতা ১ লাখ ৯৮ হাজার এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ব্যাংক মুনাফা ৭ হাজার টাকা। মোট বার্ষিক আয় দাঁড়ায় ১১ লাখ ৮৩ হাজার টাকার বেশি।

মতামত দিন