রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার জানাজায় তারেক রহমান ও প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তিন বাহিনীর প্রধানও সেখানে ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানী ও দেশের অন্যান্য এলাকা থেকে মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হতে শুরু করেন। ভিড় এতটাই ব্যাপক ছিল যে তা আশেপাশের খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব এবং আনসার বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহ রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সমাধিস্থলে নেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের মধ্যে বেনজির ভুট্টোর পরে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।

মতামত দিন