রাষ্ট্রীয় প্রোটোকলে সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ।
কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করে।
এর আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় তার মরদেহ। পরে বেলা ১১টার দিকে ছেলে তারেক রহমানের বাসভবন থেকে জানাজার উদ্দেশে রওনা দেয় ফ্রিজার ভ্যানটি।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় শোকাহত মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা ‘আপসহীন নেত্রীকে’ শেষবারের মতো বিদায় জানাতে সেখানে জড়ো হন। ভিড় সামাল দিতে এবং জানাজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশপথ আগেই খুলে দেওয়া হয়।
আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে সরকার আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

মতামত দিন