রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার জানাজায় নিরাপত্তার স্বার্থে যা যা আনতে নিষেধ করা হয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির নেতৃত্বে থাকা ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় নিরাপত্তা বিবেচনায় অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাগ বা ভারী কোনো সামগ্রী বহন নিষিদ্ধ থাকবে।

দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, জানাজা শেষে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাষ্ট্রীয়ভাবে দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ায় ওই সময় সাধারণ মানুষের সেখানে প্রবেশের অনুমতি থাকবে না। আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আপসহীন ভূমিকার কারণে খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে আলাদা পরিচিতি পান। বিএনপির নেতৃত্বে তিনি ছিলেন টানা ৪১ বছর। এই সময়ে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার দেশের প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ৪০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার ইন্তেকালে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন বুধবার সারা দেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।

মতামত দিন