বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক।
মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তার প্রস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এমন এক শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা সম্ভব নয়। এই শোক ও বেদনাকে ধারণ করাও আমাদের জন্য অত্যন্ত কঠিন।
মির্জা ফখরুল জানান, বুধবার দুপুর ২টায় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার আয়োজন করা হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, শোককে শক্তিতে রূপান্তর করাই হবে দলের অঙ্গীকার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা ও দাফন কার্যক্রমের আনুষ্ঠানিক সঞ্চালনা করবেন বলেও জানান মহাসচিব।
শোকের এই দিনে নেতাকর্মীদের প্রতি সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মতামত দিন