বেগম খালেদা জিয়ার দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি শুরু।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের কাজ শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে নতুন কবর খোঁড়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। এ সময় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
চলতি বছরের ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে অক্টোবরেও তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। চিকিৎসা তত্ত্বাবধায়করা জানিয়েছিলেন, তার ফুসফুস এবং হৃদযন্ত্রে সমস্যা ছিল।
গত বছর জুলাই-আগস্টে রাজনৈতিক পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রীর দণ্ড মওকুফ করেছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য জানুয়ারিতে তিনি লন্ডনে যান এবং কয়েক মাস পরে দেশে ফিরেছেন।

মতামত দিন