রাজনীতি
ছবি: সংগৃহীত

যেখনে দাফন সম্পন্ন হতে পারে বেগম খালেদা জিয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন সম্পন্ন হতে পারে।

বিএনপির প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালের উপস্থিত ছিলেন।

খবরটি প্রকাশ্যে আসার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসক ও নার্সদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবরটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে শোক প্রকাশ করা হয়।

দলের ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার স্মরণে সাত দিনব্যাপী শোক পালন করা হবে। এই সময়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করা হবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়া সম্ভব হয়নি।

তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। ১৯৮২ সালে বিএনপিতে যোগদান ও পরবর্তীতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসন নির্বাচিত হয়ে দেশীয় রাজনীতিতে দীর্ঘ সময় নেতৃত্ব প্রদান করেছেন।

মতামত দিন