সার্বভৌমত্ব ও গণতন্ত্রে আপসহীন ছিলেন খালেদা জিয়া: নাহিদ ইসলাম।
দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার দৃঢ় ও সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে দেশের মানুষকে দিকনির্দেশনা দিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও নিজের রাজনৈতিক আদর্শ এবং জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। বিশেষ করে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তার অবস্থান ছিল কঠোর ও আপসহীন।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ও লড়াইয়ের স্মৃতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটল।
শোকবার্তার শেষাংশে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মারা যান। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মতামত দিন