খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলীয়ভাবে সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শোক পালনকালীন সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশজুড়ে সকল দলীয় কার্যালয়ে টানা সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের সব স্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির প্রতিটি কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। শোক প্রকাশের জন্য গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যেখানে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মন্তব্য লিখতে পারবেন।
তবে জানাজা ও দাফনের সময়সূচি এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে দল ও সমর্থকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

মতামত দিন