এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা।
ঢাকা-২০ (ধামরাই) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে স্থানীয় নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা অভিযোগ করেছেন, প্রার্থীর সঙ্গে দলের স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষের কোনো সংযোগ নেই এবং মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন সোমবার সংবাদ সম্মেলনে জানান, ধামরাই উপজেলার স্থানীয় নেতা ও তৃণমূল কর্মীরা মনে করছেন, নাবিলা তাসনিদ এলাকার রাজনীতিতে সম্পৃক্ত নয় এবং তার মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় সহকর্মীদের পরামর্শ নেওয়া হয়নি। তাই তাকে উপজেলা পর্যায়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
খোকন আরও বলেন, “মনোনয়ন ঘোষণার আগে তার কোনো পরিচিতি ছিল না, ‘২৪ সালের আন্দোলনে অংশগ্রহণও করেননি। এছাড়া নাবিলা স্থানীয় নেতাদের উপেক্ষা করে অনলাইনে ও নিজ বাসা থেকে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।” তিনি দাবি করেন, নাবিলার পেছনে রয়েছে কিছু বহিরাগত পলাতক ফ্যাসিস্টদের চক্র, যা ধামরাইয়ের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম এবং আশিকুর রহমান। তারা জানিয়েছেন, স্থানীয় নেতাদের অভিমত কেন্দ্রীয় কমিটি উপেক্ষা করেছে।
নাবিলা তাসনিদের ক্যাম্পেইন ম্যানেজার ইঞ্জিনিয়ার সুমন সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে এখন আমাদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে।”

মতামত দিন