নির্বাচনে না থাকার ঘোষণা মাহফুজ আলমের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে মাহবুব আলম জানান, তার অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়া আবেগপ্রবণ হয়ে কেউ একজন মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে তিনি বিব্রত বোধ করছেন। তবে মাহফুজ আলম মনোনয়নপত্র জমা দেবেন না এবং ভোটের মাঠেও থাকবেন না বলে স্পষ্ট করেছেন মাহবুব।
তিনি বলেন, লক্ষ্মীপুর-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইতোমধ্যে নিজের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসন থেকে এখন পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপশিল ঘোষণা করা হয় গত ১১ ডিসেম্বর। ইসি ঘোষিত সূচি অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মতামত দিন