হাদি হত্যাকাণ্ডে অগ্রগতি না হলে রোববার সারাদেশে অবরোধে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেপ্তার ও বিচার নিয়ে স্পষ্ট অগ্রগতি না দেখলে রোববার দেশের সব বিভাগীয় শহরে অবরোধে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকাসহ আট বিভাগে এই কর্মসূচি শুরু হবে দুপুর ২টা থেকে।
শনিবার গভীর রাতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাতে হাদি চত্বরে কাউকে না থাকার নির্দেশ দেওয়া হয়। তবে রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন মূল্যায়নের পরপরই নতুন কর্মসূচি শুরু হবে।
এর আগে একই ঘোষণা আসে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনরতদের উদ্দেশে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।
শনিবার রাত ১১টার দিকে শাহবাগে উপস্থিত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তারা আন্দোলনকারীদের সামনে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি তুলে ধরেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিচার দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচার একটি জাতীয় দায়িত্ব। যে মানুষের জানাজায় লাখো মানুষ অংশ নেয়, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সবাইকে চিহ্নিত করতে কাজ করছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, কারণ শত্রুপক্ষের সুবিধা হয়—এমন কিছু করা হবে না।
মতামত দিন