রাজনীতি
ছবি: সংগৃহীত

হাদির হত্যার বিচার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধে।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পরপরই আন্দোলনকারীরা পুনরায় শাহবাগে জড়ো হন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে নতুন করে শাহবাগে অবস্থানের ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেন।

এর আগে সকালে তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে গেলে নিরাপত্তা ও যান চলাচলের কারণে সাময়িকভাবে শাহবাগ থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়ারত শেষে তারেক রহমানের গাড়িবহর এলাকা ছাড়লে আন্দোলনকারীরা আবার শাহবাগে ফিরে আসেন।

এর আগেই ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছিল, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে। সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান শুরু করে। সন্ধ্যার পর থেকে সেখানে সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে এবং রাতভর অবরোধ কর্মসূচি চালু থাকে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

মতামত দিন