জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভার যাচ্ছেন তারেক রহমান।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি ঢাকার বাইরে এই কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বলয়ের আওতায় সাভার ও আশুলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে তার সফরকে কেন্দ্র করে সাভার-আশুলিয়া অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যায়ে তাকে স্বাগত জানাতে দলীয়ভাবে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন