রাজনীতি
ছবি: সংগৃহীত

নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশের নেতৃত্ব দিতে চাই: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফুট গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা কালে দেশের পরিচালনায় নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে কাজ করার অঙ্গীকার করেছেন।

বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি মাতৃভূমিতে ফিরে এসেছি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী বিপ্লব ও ১৯৯০ সালের স্বৈরাচারের পতনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টও দেশের মানুষ স্বাধীনতা রক্ষা করেছে।”

তারেক রহমান আরও বলেন, “আমরা আগামী দিনে যারা দেশ পরিচালনায় দায়িত্ব নেব, তারা নবী করিমের ন্যায়পরায়ণতার আলোকে দেশের জন্য কাজ করব। আল্লাহর রহমতে যদি আমাদের পথপ্রদর্শন হয়, আমরা দেশের মানুষের স্বার্থে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

তিনি নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং কিংবদন্তি মার্টিন লুথার কিংয়ের অনুকরণে বলেন, “আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি।” পরিকল্পনাটি দেশের মানুষের উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর ভিত্তি করে তৈরি, এবং তা বাস্তবায়নে গণতান্ত্রিক মানুষের সহযোগিতা চাইবেন তিনি।

তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যদি আমরা একত্রিত হই, লক্ষ-কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে ফিরে আসতে পারবে। কথার অধিকার, গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য সুযোগের নিশ্চয়তা এই দেশের মানুষের হবে।”

এর আগে তিনি বেলা ৩টা ৫০ মিনিটে লাল-সবুজ রঙের সাজানো বাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চে পৌঁছান। বেলা ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন এবং মঞ্চে উঠেই নেতাকর্মীদের অভিবাদন জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান।

মতামত দিন