সংবর্ধনায় বিশেষ চেয়ার প্রত্যাখ্যান, সাধারণ চেয়ারে বসে বক্তব্য দিলেন তারেক রহমান।
রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেন। নিজস্ব প্রটোকল অনুযায়ী নির্ধারিত রাজকীয় চেয়ারের বদলে তিনি সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে বসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি। মঞ্চে ওঠার পর উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোট শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে সারি সারি চেয়ার রাখা ছিল এবং প্রতিটি চেয়ারে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য একটি আলিশান চেয়ার নির্ধারিত ছিল।
হাজারো নেতা-কর্মীর অভ্যর্থনা গ্রহণের পর তিনি নিজ আসনে বসতে গেলে সেই বিশেষ চেয়ার সরানোর নির্দেশ দেন। আয়োজকেরা পরে মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে সেখানেই বসেন এবং কিছুক্ষণ পর বক্তব্য শুরু করেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

মতামত দিন