তারেক রহমান দেশে ফিরে জুতা খুলে খালি পায়ে দাঁড়ান দেশের মাটিতে।
অপেক্ষারও যে শেষ থাকে, সেটিই প্রমাণ হলো আজ। দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দর এলাকা ছাড়ার সময় দৃশ্যপটটি হয়ে ওঠে ব্যতিক্রমী। পথের পাশে সাজানো গাঁদা ফুলের সারি আর শিশিরে ভেজা সবুজ ঘাসের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে যান তিনি।
এরপর জুতা খুলে খালি পায়ে দাঁড়ান দেশের মাটিতে। কয়েক পা হাঁটেন ঘাসের ওপর। হাতে তুলে নেন এক মুঠো মাটি। সেই মুহূর্তে তার চোখেমুখে ফুটে ওঠে দীর্ঘ অপেক্ষা শেষে ফেরার তীব্র আবেগ।
সময়টা যেন নিজেই কথা বলছিল। প্রবাসের দীর্ঘ দিনগুলো, ফিরে আসার আকাঙ্ক্ষা, দেশের মানুষের প্রতি টান—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে নীরব অথচ গভীর।
২০০৮ সালে দেশ ছাড়ার সময় তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। নানা বাস্তবতায় পরিবারসহ তখন তাকে লন্ডনে অবস্থান করতে হয়। সময়ের ব্যবধানে রাজনৈতিক বাস্তবতাও বদলেছে। এখন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর তার মা খালেদা জিয়া বিএনপির প্রধান নেতা।
দেশে ফিরেই আজই তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। দীর্ঘ সময় পর দেশে ফেরা, আর এরপর মায়ের কাছে যাওয়া—এই দুই আবেগ আজ যেন এক বিন্দুতে মিলছে।
দেড় যুগ পর আবার মাটির ঘ্রাণ, পরিচিত আকাশ, আর আপন মানুষের দিকে ফেরার এই দিনটি তারেক রহমানের জীবনে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকল।
মতামত দিন