দীর্ঘ প্রবাস শেষে রাজধানীতে তারেক রহমান, অভ্যর্থনায় উৎসবের ঢেউ।
দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজে-২০২। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তারেক রহমান। ফেসবুকে দেওয়া সেই বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের আকাশে ফেরার অনুভূতির কথা।
তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন) আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। সেখানে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।
সমাবেশস্থল ঘিরে চারপাশে শোনা যাচ্ছে নানা স্লোগান। প্ল্যাকার্ড, ব্যানার আর উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে। দলটির দাবি, সারাদেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
ঢাকায় পৌঁছানোর পর সরাসরি পূর্বাচলের ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নেওয়ার কথা রয়েছে।

মতামত দিন