আ:লীগের ভোটব্যাংক দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা চলছে:নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের ভোটব্যাংক দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, কুমিল্লার দেবিদ্বারে সম্প্রতি আয়োজন করে প্রায় ২০০ জন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন ডায়লগ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ঘিরে যে রাজনৈতিক প্রশ্ন, সেটির এখনো কোনো গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি। তার মতে, এই সংকট মোকাবিলায় একটি রিকনসিলিয়েশন কমিশন গঠন করা প্রয়োজন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ছিল অস্বচ্ছ, ফলে এই কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
নির্বাচনী বাস্তবতায় অর্থের প্রভাব বাড়ছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এখন মাঠে আদর্শের চেয়ে টাকার প্রভাবই বেশি দৃশ্যমান।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা চালাবে। প্রয়োজনে দল আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় আযাদ স্পষ্ট করে জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তির সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করা হচ্ছে না।
মতামত দিন