শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’,হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা।
ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘শহীদি শপথ’ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে এই শপথ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করা হবে। তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
নেতাকর্মীরা শপথে অঙ্গীকার করেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরা হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, ওসমান হাদির আদর্শকে ধারণ করেই তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো চাপ বা বাধায় পিছু হটবেন না।
শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, যেকোনো মূল্যে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
মতামত দিন