রাজনীতি
ছবি: সংগৃহীত

আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার তালিকাভুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলটির দাবি, আগামী ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিকেল ৩টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং ইসির সিনিয়র সচিব। বিএনপির প্রতিনিধি দলে সালাহউদ্দিন আহমদের পাশাপাশি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভোটার তালিকার বাইরে থাকা তারেক রহমানকে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন নিয়ে আলোচনা হয়। তফসিল ঘোষণার পর ভোটার হওয়া ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি অপরিহার্য—এই বিষয়টিও উঠে আসে আলোচনায়।

বিএনপি ইতোমধ্যে বগুড়ার একটি সংসদীয় আসনে তারেক রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তবে ভোটার তালিকায় নাম না থাকায় এখনো আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় বিদেশে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ভোটের সময় ঘনিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মতামত দিন