নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে: সরকারকে ইনকিলাব মঞ্চের কঠোর হুঁশিয়ারি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় ও বিচার নিশ্চিত না করে নির্বাচন আয়োজনের যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে বলে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্পষ্ট ভাষায় বলেছেন, বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে জাবের বলেন, হাদি হত্যার পর সরকার প্রধানের বক্তব্যে বিচারের রোডম্যাপ স্পষ্ট হয়নি। জানাজার ময়দানেও এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি শোনা যায়নি। এত বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—সে বিষয়ে জাতি কিছুই জানতে পারেনি। এতে সরকারের অসহায়ত্বই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, জনগণ আর শুধু রক্ত দেবে—এমন সময় শেষ হয়ে গেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থ হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, একবার রক্তপাত শুরু হলে তা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব দ্রুত ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃশ্যমান বিচারিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের হলেও, হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মতামত দিন