নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর অংশ হিসেবে আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানায়, দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ও দাবির বিস্তারিত তুলে ধরা হবে। এরপর বিকেল ৩টা থেকে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে বলা হয়, বিপুল জনসমর্থনে ঘোষিত দুই দফা দাবির কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে এসে জাতির সামনে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করা হয়।
পোস্টে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা হয়নি এবং এসব সংস্থার ভেতরে থাকা সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করার অভিযোগ তোলে সংগঠনটি।
রোববার রাত ১০টা ৫৪ মিনিটে দেওয়া আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর, রাত সোয়া ১১টার দিকে দেওয়া পৃথক স্ট্যাটাসে সংগঠনটি জানায়— হত্যাকারীকে জীবিত অবস্থায় দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং কোনো ধরনের ‘বন্দুকযুদ্ধের নাটক’ তারা মেনে নেবে না।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবেই আজকের কর্মসূচি পালন করা হবে।
মতামত দিন